ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসআই গুরুতর আহত

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:৪৮ পিএম

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসআই গুরুতর আহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ইটবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাসুদ রানা (৪৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মোকামতলা মুরাদপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই মাসুদ রানা দিনাজপুরে একটি মামলার সাক্ষ্য প্রদান শেষে মোটরসাইকেলে করে তাঁর কর্মস্থল গাজীপুরের কালিয়াকৈর থানায় ফিরছিলেন। পথে মোকামতলার মুরাদপুর এলাকায় অবস্থিত মীর এন্ড রুবেল ফিলিং স্টেশনে তেল নেওয়ার উদ্দেশ্যে তিনি মোটরসাইকেলটি ঘোরাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইটবাহী ট্রাকের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় তিনি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে। বর্তমানে তিনি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুন্দারহাট হাইওয়ে থানার এসআই গনেশ জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আহত কর্মকর্তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এসআই মাসুদ রানা রংপুর জেলার হারাগাছ থানার বাসিন্দা। তাঁর এই দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়কে নিরাপদ ইউটার্ন ব্যবস্থা এবং অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!