ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ (গুলশান-বনানী-বারিধারা) আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আইন অনুযায়ী একাধিক আসনে জয়ী হলেও একটি আসন ধরে রাখার বাধ্যবাধকতা থাকায় তিনি তাঁর পৈতৃক ভিটা বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দলের চেয়ারম্যান ঢাকা-১৭ আসন থেকেই প্রতিনিধিত্ব করবেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একাধিক আসনে বিজয়ী ব্যক্তিকে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে একটি আসন বেছে নেওয়ার কথা লিখিতভাবে জানাতে হয়। অন্যথায় সব আসন শূন্য ঘোষণার ঝুঁকি থাকে। তারেক রহমানের এই সিদ্ধান্ত সেই সাংবিধানিক প্রক্রিয়ারই অংশ।
রাজধানীর এই অভিজাত আসনে তারেক রহমান বিজয়ী হয়েছেন অল্প ব্যবধানে। তারেক রহমান (ধানের শীষ) পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। জয়ের ব্যবধান ৪ হাজার ৩৯৯ ভোট।
ঢাকা-১৭ আসনটি কূটনৈতিক ও প্রশাসনিক এলাকা হওয়ায় এখান থেকে সংসদে প্রতিনিধিত্ব করা জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশেষ বার্তা বহন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের জয় ছিল বিশাল। তিনি ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পান ৯৭ হাজার ৬২৬ ভোট। প্রায় সোয়া লাখ ভোটের ব্যবধানে জয়ের পরও আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে এখন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানিয়েছেন, কেন্দ্র থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে তাঁরা পরবর্তী করণীয় ঠিক করবেন। বগুড়া-৬ আসনটি বিএনপির অন্যতম প্রধান ঘাঁটি হওয়ায় উপ-নির্বাচনে সেখানে নতুন প্রার্থীর লড়াই দেখার অপেক্ষায় থাকবে দেশবাসী।


আপনার মতামত লিখুন :