গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার খোর্দ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। সেহরির সময় গ্রামজুড়ে ‘ডাকাতি’র খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা এই হামলা চালায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। পালানোর সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খোর্দ্দ মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যায়।
এ সময় সেহরির সময় হওয়ায় প্রচুর মানুষ জেগে ছিলেন। পুকুরে পড়ে যাওয়া দুইজনকে তুলে স্থানীয়রা লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে দলের তৃতীয় সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে।
তিনি বলেন, “নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :