ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

বগুড়ায় শ্রদ্ধার পুষ্পবৃষ্টি: একুশের প্রথম প্রহরে শহীদ খোকন পার্কে মানুষের ঢল

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:২০ পিএম

বগুড়ায় শ্রদ্ধার পুষ্পবৃষ্টি: একুশের প্রথম প্রহরে শহীদ খোকন পার্কে মানুষের ঢল

রাত যখন ঘড়ির কাঁটা ছুঁয়েছে ১২টা ১ মিনিট, তখনই নীরবতা ভেঙে ফুলে ফুলে ভরে উঠল বগুড়ার শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। ব্যানার-ফেস্টুন আর ফুলের তোড়া হাতে রাত ১২টার আগেই প্রাঙ্গণে জড়ো হন সর্বস্তরের মানুষ।

একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান শহীদ মিনারের বেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার শাহাদাত হোসেন।

শনিবার সকালে বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো শহীদ মিনারে শ্রদ্ধা জানায়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ লাইন শহীদ মিনার ছাড়িয়ে প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, “মাতৃভাষার অধিকার রক্ষায় বাংলার সাহসী সন্তানদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে বিরল। একুশের প্রহরে বগুড়ায় শুধু ফুল নয়, ঝরে পড়েছে কৃতজ্ঞতা আর ভাষার প্রতি অঙ্গীকারের অশ্রুসিক্ত শ্রদ্ধা।”

ডিজিএন/এনএস

banner
Link copied!