ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:০৮ এএম

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশু ও নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে দাউদকান্দি বলদাখাল এলাকার একটি ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং শিশু হুররাম (২)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান: উম্মে হুমায়রার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ দগ্ধ এই দুজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া শিশু হুররাম এর শরীরের ৬ শতাংশ এবং মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ দগ্ধ।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার ভোরে বলদাখাল এলাকার ওই ভবনের নিচতলার ফ্ল্যাটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, রাতে সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ঘরে জমাট বেঁধে ছিল। ভোরে চুলা ধরাতে গেলে এই বিস্ফোরণ ঘটে।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধদের উদ্ধার করে দ্রুত ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পরপর দুই দিন চট্টগ্রাম ও কুমিল্লায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় আবাসিক এলাকায় সিলিন্ডার ও গ্যাস লাইনের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!