ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ

মায়ের পর চলে গেল ছেলে, বাকিদের অবস্থাও সংকটাপন্ন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:০১ পিএম

মায়ের পর চলে গেল ছেলে, বাকিদের অবস্থাও সংকটাপন্ন

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মারা গেছে ১৬ বছর বয়সী কিশোর শাওন। এর আগে গতকাল সোমবার রাতে ঢাকায় আনার পথেই মৃত্যু হয়েছিল শাওনের মা নুরজাহান আক্তার রানীর (৪০)। এ নিয়ে এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (এমএইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাওন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল।

তিনি আরও জানান, শাখাওয়াত ও পাখি আক্তারের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। শিপনের ৮০ শতাংশ, সামিরের ৪৫ শতাংশ, আয়েশার ৪৫ শতাংশ, উম্মে আয়মান স্নিগ্ধার ৩৮ শতাংশ এবং আনাসের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক।

উল্লেখ্য, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে। পতুর্গালপ্রবাসী সামির আহমেদ সপরিবারে বড় ভাই সাখাওয়াতের বাসায় বেড়াতে এসেছিলেন। ভোরের এই একটি দুর্ঘটনায় পুরো পরিবারটি এখন ধ্বংসের মুখে। গতকাল সন্ধ্যায় তাদের পর্যায়ক্রমে চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছিল।

ডিজিএন/এফএ

banner
Link copied!