ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, পোড়া তেলে ভাজা: বগুড়ার ২ কারখানাকে জরিমানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৫৮ পিএম

পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, পোড়া তেলে ভাজা: বগুড়ার ২ কারখানাকে জরিমানা

পবিত্র রমজান মাস ঘিরে বগুড়ায় অসাধু সেমাই ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে প্রশাসন। অস্বাস্থ্যকর পরিবেশে পা দিয়ে আটা মাড়ানো এবং পোড়া তেল ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুটি লাচ্ছা সেমাই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

ইসলামিয়া লাচ্ছা সেমাই (আটাপাড়া) ১ লাখ টাকা জরিমানা। জেমি লাচ্ছা সেমাই (বৃন্দাবনপাড়া) ১৫ হাজার টাকা জরিমানা।

অভিযানে নেতৃত্ব দেওয়া নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান জানান, কারখানাগুলোতে সেমাই তৈরির ময়দার খামির শ্রমিকরা সরাসরি পা দিয়ে মাড়িয়ে প্রস্তুত করছিল। যা জনস্বাস্থ্যের জন্য চরম অবমাননাকর ও ঝুঁকিপূর্ণ।

এছাড়া আরও যেসব অনিয়ম পাওয়া গেছে, বারবার ব্যবহার করা ক্ষতিকর পোড়া তেল দিয়ে সেমাই ভাজা হচ্ছিল। সেমাই আকর্ষণীয় করতে অনুমোদনহীন রাসায়নিক রং ও নিম্নমানের ডালডা ব্যবহার। কারখানায় হাত ধোয়ার ব্যবস্থা ছিল না এবং নোংরা পরিবেশে সেমাই সংরক্ষণ করা হচ্ছিল।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পোড়া তেল ও অননুমোদিত রাসায়নিক রং দীর্ঘমেয়াদে ক্যানসার, লিভার ও কিডনি বিকল হওয়ার মতো ভয়াবহ রোগ সৃষ্টি করতে পারে। খাদ্য উৎপাদনে এমন উদাসীনতা সরাসরি ভোক্তার জীবনের ওপর আঘাতের শামিল।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুনাফার লোভে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললে কেবল জরিমানা নয়, প্রয়োজনে লাইসেন্স বাতিল ও ফৌজদারি মামলা দায়ের করা হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রমজান মাসজুড়ে এই বিশেষ তদারকি অব্যাহত থাকবে। অভিযানে ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!