ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

সাভারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০২:৫৫ পিএম

সাভারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

সাভার বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল রাতে দায়িত্ব পালন করার সময় বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। একপর্যায়ে চক্রটি একজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের ধাওয়া দেন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটকের পর তাদের দেওয়া তথ্যে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসার রাজত্ব চালিয়ে আসছিল। তল্লাশিকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- ইয়াবা, হেরোইন, গাঁজা ও বিদেশি মদ। এবং ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র। মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ অর্থ ও সেবনের সরঞ্জাম।

অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার চারজনকে রাতেই সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সাভারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এমন টহল অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!