ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

কক্সবাজারে অবৈধ গ্যাস পাম্পে বিস্ফোরণ: দগ্ধ ১৬, পুড়েছে গাড়ি-বাড়ি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:০৭ এএম

কক্সবাজারে অবৈধ গ্যাস পাম্পে বিস্ফোরণ: দগ্ধ ১৬, পুড়েছে গাড়ি-বাড়ি

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি নবনির্মিত এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতের এই ঘটনায় অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আগুনে পর্যটক পরিবহনে ব্যবহৃত ২০-২৫টি জিপ গাড়ি এবং অন্তত ১০টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে ‘এন আলম’ নামের ওই ফিলিং স্টেশন থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার পর রাত ১০টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আতঙ্কিত বাসিন্দারা দিকবিধিক ছুটতে শুরু করেন। সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টের সম্মিলিত প্রচেষ্টায় ৫ ঘণ্টা পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিস্ফোরণে ১৪ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন গ্যাস ট্যাংকটি সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়। আগুনে ফিলিং স্টেশনের আশপাশের আদর্শগ্রাম ও চন্দ্রিমা হাউজিং এলাকার ১০টি বসতবাড়ি পুড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটকবাহী জিপ গাড়িগুলো। সংশ্লিষ্টদের ধারণা, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ জানান, ফিলিং স্টেশনটির কোনো বৈধ অনুমোদন ছিল না। গ্যাস লিকেজ থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ। মালিকপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!