ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

পচা পান্তা খেয়েই রোজা রাখছেন অসহায় আয়েশা ও তাঁর ৩ সন্তান

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৩২ পিএম

পচা পান্তা খেয়েই রোজা রাখছেন অসহায় আয়েশা ও তাঁর ৩ সন্তান

পবিত্র রমজান মাসে যখন ঘরে ঘরে ইফতারের নানা আয়োজন, তখন নোয়াখালীর সুবর্ণচরে এক নিদারুণ কষ্টের দৃশ্য ফুটে উঠেছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে দুই বছর আগে স্বামী হারানো আয়েশা বেগম তাঁর তিন সন্তানকে নিয়ে চরম অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। অভাবের তাড়নায় কখনো শুধু পানি, আবার কখনো পচা পান্তা ভাত খেয়েই সেহরি ও ইফতার করতে হচ্ছে এই নিঃস্ব পরিবারটিকে।

নিহত আমির হোসেন পেশায় ছিলেন পিকআপ চালক। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর গাছ টানার কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় তিনি মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন আয়েশা বেগম। বর্তমানে একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মো. সজিব, মো. সৌরভ ও মো. সবুজ এই তিন এতিম সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।

বিধবা আয়েশা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "দুই বছর আগে স্বামী হারাইছি। আগে বাবা খোঁজ নিতেন, এখন তিনিও নেই। ঘরে আলো জ্বলে না, বৃষ্টিতে ভিজি। সন্তানরা ভালো খাবার চাইলে দিতে পারি না। অনেক সময় পচা ভাত দিয়েই সেহরি-ইফতার করি।" স্থানীয় সবজি ব্যবসায়ী মো. সিরাজ উদ্দিন জানান, আমির হোসেনের মৃত্যুর পর কাফনের কাপড়ও এলাকাবাসী কিনে দিয়েছে। পরিবারটির এখন মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই।

বিষয়টি সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমানের নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি জানান, জরুরি ভিত্তিতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবারটিকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসাই এখন এই তিনটি এতিম শিশুর সুন্দর ভবিষ্যতের একমাত্র আশা।

ডিজিএন/এনএস

banner
Link copied!