নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ‘বি ব্রাদার্স’ নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শ্রমিকরা মহাসড়কের মুইকুলী এলাকায় অবস্থান নিলে এই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, শত শত শ্রমিক বকেয়া পাওনার দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়ক দখল করে রেখেছেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ অসংখ্য যানবাহন আটকা পড়ায় রমজানের সকালে সাধারণ যাত্রী ও রোজাদারদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুরা তীব্র গরম ও যানজটে বেশি কষ্ট পাচ্ছেন।
বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিলেও তাদের বকেয়া বেতন পরিশোধ করছে না। রমজানে সংসারের খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছেন। বেতন না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও শিল্প পুলিশ পৌঁছেছে। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনো সদুত্তর না পাওয়ায় শ্রমিকরা অবরোধ তুলে নেননি।


আপনার মতামত লিখুন :