ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: নিহত ১, আহত ৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১২:১৯ পিএম

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: নিহত ১, আহত ৫

চুয়াডাঙ্গার জীবননগরে ইফতার পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চুরিকাঘাতে গুরুতর আহত ‘ঢাকা জুয়েলার্স’-এর মালিক হাফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরসহ আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুটিয়া গ্রামের কামিল মাদ্রাসার সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানের ওপর হামলার জের ধরে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। ইফতারের পর উভয় পক্ষ মুখোমুখি হলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে গুরুতর আহত হাফিজুর রহমানকে প্রথমে যশোর এবং পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে রাতে তাঁর মৃত্যু হয়। নিহতের ভাই ও ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান বর্তমানে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী ও তাঁর বাবা জসীম উদ্দীনসহ আরও ৩ জন চিকিৎসাধীন।

জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান অভিযোগ করেছেন, জামায়াত কর্মীরা বিনা উসকানিতে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার পর থেকেই এই উত্তেজনার শুরু।

অন্যদিকে, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান দাবি করেছেন, নিরীহ জামায়াত কর্মীদের ওপর বিএনপি কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

জীবননগর থানার ওসি সোলাইমান শেখ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রোববার জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক কাজ করছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!