ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
Daily Global News

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী জাহেদ নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১১:২২ এএম

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী জাহেদ নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের বলি হলেন কুয়েতে কর্মরত সন্দ্বীপের এক প্রবাসী। বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েতে হওয়া এক শক্তিশালী মিসাইল হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহেদ হোসেন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত জাহেদ হোসেন সন্দ্বীপ রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে কুয়েতের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কুয়েত সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রবাসে থাকা সহকর্মীরাই টেলিফোনের মাধ্যমে পরিবারকে এই দুঃসংবাদ জানান।

নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন বলেন, “হামলার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা খবরটি পাই। জাহেদ পরিবারের একমাত্র ভরসা ছিল। এখন তার লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমরা উদ্বিগ্ন।”

পারিবারিক অভাব দূর করতে প্রবাসে পাড়ি জমানো জাহেদ নিয়মিত অর্থ পাঠিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। তার অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। প্রতিবেশীরা জানান, জাহেদ ছিলেন অত্যন্ত পরোপকারী ও পরিশ্রমী এক যুবক।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় এ নিয়ে সন্দ্বীপের দুই জন প্রবাসী প্রাণ হারালেন। এর আগে গত রবিবার (১ মার্চ) বাহরাইনে ইরানের হামলায় সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল মহসিন ওরফে তারেক (৫২) নিহত হয়েছিলেন। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই উপজেলার দুই প্রবাসীর মৃত্যুতে পুরো সন্দ্বীপে শোকের আবহ তৈরি হয়েছে।

কুয়েত ও বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মাঝেও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবার ও সন্দ্বীপবাসী মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!