ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ১১:০৩ এএম

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চৌরাস্তা এলাকার রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, ওই সেন্টারের ৪১টি সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনের মধ্যে ১৯ বছর বয়সী আহাদের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

তাঁকেসহ ১৮ বছর বয়সী আবদুল্লাহ (২০ শতাংশ দগ্ধ) এবং ২৬ বছর বয়সী আশরাফুলকে (১৫ শতাংশ দগ্ধ) পুরুষদের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (এমএইচডিইউ) ভর্তি করা হয়েছে। এ ছাড়া শরীরের ৪ শতাংশ পুড়ে যাওয়া ২৫ বছর বয়সী নাঈমকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত সবাইকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ডিজিএন/এফএ

banner
Link copied!