কুষ্টিয়া শহরে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার দুপুরে শহরের থানাপাড়া এলাকায় পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে কলবেল চাপার সময় ওই ছাত্রীকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ইমন।
গুরুতর আহত অবস্থায় অন্তত ছয়টি গভীর ক্ষত নিয়ে ওই স্কুলছাত্রী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত রয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত ইমন শহরের পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা এবং সে নিজেও দশম শ্রেণির ছাত্র। হামলার পরপরই সে পরিবারের সদস্যদের নিয়ে বাসায় তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যায়। পরে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। ছাত্রীটি সুস্থ হলে তার সঙ্গে কথা বলে হামলার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
এদিকে, প্রকাশ্যে এমন বর্বরোচিত হামলার পর শহরজুড়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে নামে জেলা পুলিশ। সোমবার সন্ধ্যার পর শহরের পুকুরপাড় ও রবীন্দ্র লালন উদ্যান পার্কসহ বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার ব্যবধানে সন্দেহভাজন আরও ১৪ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :