ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

মাদরাসায় আগুন: ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে, লাইফ সাপোর্টে ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১০:৫৯ এএম

মাদরাসায় আগুন: ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে, লাইফ সাপোর্টে ১

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যাওয়ার চেয়েও চারদিকে ছড়িয়ে পড়া ঘন ও বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুগ্ন হয়ে ৬৩ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

উদ্ধারকৃত সব শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে, যার মধ্যে একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে পাঁচতলা মাদরাসা ভবনের দোতলায় এই আগুনের সূত্রপাত হয়। মূলত দোতলায় অবস্থিত মাদরাসার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে থাকে।

গভীর রাতে এ সময় ভবনে অবস্থানরত ঘুমন্ত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় বদ্ধ ভবনের ধোঁয়ায় বেশ কয়েকজনের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট ফায়ার স্টেশনের দুটিসহ মোট পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৪ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়। তবে ততক্ষণে মাদরাসার লাইব্রেরিটি পুরোটাই পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে জানান, হাসপাতালে আসা ৬৩ জন শিক্ষার্থীর কারও শরীরেই সরাসরি আগুনে পোড়ার কোনো চিহ্ন নেই। মূলত বদ্ধ পরিবেশে ধোঁয়ার কারণে শ্বাস নিতে গিয়ে তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, “আশঙ্কাজনক অবস্থায় চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। তবে সবার শ্বাসনালি সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা পর্যবেক্ষণ করছি এবং যারা তুলনামূলক সুস্থ আছেন, তাদের কয়েকজনকে আজ ছেড়ে দেওয়ার কথাও ভাবছি।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউতে থাকা চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন:- ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৩ থেকে ২৯ বছর বয়সী অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন:- নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), নাঈম (১৫), হাসনাত (২২), আবিদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আবদুল্লাহ (১৪), মঈনুল ইসলাম (২০), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), আয়াতুল্লাহ (১৭), ফয়েজুল্লাহ (১৪), বায়েজিদ (১৬), ইউসুফ (২০), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মেরাজ (১৮), আলী আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), আশিক (১৭), রিফাতুল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা (১৯), আলী হাসান (২৪), সিরাজ (২৫), রেদোয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আবদুস শাকিল (১৫), মাহফুজ (১৮), আবু বক্কর (২১) এবং আবদুল্লাহ রায়হান (১৭)। (একই নাম একাধিকবার থাকায় তালিকাটি পরিমার্জন করা হয়েছে)।

বর্তমানে হাসপাতাল চত্বরে আহত শিক্ষার্থীদের স্বজন ও মাদরাসার শিক্ষকদের ভিড় জমেছে। সবার মাঝেই চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
 

ডিজিএন/এফএ

banner
Link copied!