ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

৪ জেলায় বাস-কাভার্ডভ্যান-ভ্যানে আগুন: ফরিদপুরে ঘুমন্ত চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১১:১৭ এএম

৪ জেলায় বাস-কাভার্ডভ্যান-ভ্যানে আগুন: ফরিদপুরে ঘুমন্ত চালকের মৃত্যু

গাজীপুর, ফরিদপুর, বগুড়া ও মানিকগঞ্জে পৃথক ঘটনায় যাত্রীবাহী বাস, কাভার্ডভ্যান ও প্যাডেলচালিত ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব নাশকতার ঘটনা ঘটে।

এর মধ্যে ফরিদপুরে বাসে দেওয়া আগুনে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে কালাচাঁন (৬০) নামে এক ঘুমন্ত চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া মানিকগঞ্জে একই রাতে অন্তত ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার নতুন বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাত পৌনে ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘কিশোর তন্ময়’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক কালাচাঁন। আগুনে তিনি দগ্ধ না হলেও ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কালাচাঁন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুরের কালিয়াকৈরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছে। সোমবার ভোরে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রার কাজলী ফার্ম এলাকায় ফেলে রাখা আজমেরী পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এরপর রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানিয়েছেন, এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘স্বাধীনতা পরিবহন’-এর একটি বাসে সোমবার রাত সাড়ে ১২টার দিকে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন জানান, ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কেউ হতাহত হননি। এর আগে একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মানিকগঞ্জ শহর ও আশপাশের পাঁচটি স্থানে অন্তত ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাত সোয়া ৭টার দিকে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা একটি প্যাডেলচালিত ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ৩-৪ জন অপরিচিত ব্যক্তি ভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

এতে মহাসড়কে চলাচলকারী যানচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেরপুর থানার ওসি একরামুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে পুড়ে যাওয়া ভ্যানটি পুলিশ হেফাজতে নেন এবং তদন্ত চলছে বলে জানান।

 

ডিজিএন/এফএ

banner
Link copied!