আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান, বিপণিবিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এই ঘোষণা দিয়েছে।
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাচনকে কেন্দ্র করে সরকার ইতিমধ্যে সাধারণ ছুটি ও বিশেষ ছুটির ঘোষণা দিয়েছে: ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটি। ১১ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাচনের আগের দিন হিসেবে সারাদেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনের দিন ও ভোটগ্রহণের কারণে নির্ধারিত সাধারণ ছুটি।
১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটির পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। এই সময়ে ব্যাংক, বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শেয়ার বাজারসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ জনগণকে এই সময়ে কেনাকাটা বা বাণিজ্যিক লেনদেনের পরিকল্পনা না করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :