জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার জন্য বিকাশ, নগদ ও রকেটের মতো সেবাগুলোতে একবারে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার মূল পয়েন্টগুলো: ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (টানা ৪ দিন)। লেনদেন সীমা, পি-টু-পি (ব্যক্তিগত হিসাব) লেনদেনে একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে। দৈনিক সীমা, দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, যার মোট অংক কোনোভাবেই ১০ হাজার টাকার বেশি হবে না।
এই ৯৬ ঘণ্টা ব্যাংক অ্যাপের মাধ্যমে ‘ব্যক্তি থেকে ব্যক্তি’ পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। মার্চেন্ট পেমেন্ট (কেনাকাটা) এবং ইউটিলিটি বিল (গ্যাস-বিদ্যুৎ বিল) পরিশোধের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ভোটের সময় অস্বাভাবিক লেনদেন রুখতে প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব ‘কুইক রেসপন্স সেল’ গঠন করতে হবে। সন্দেহজনক কোনো লেনদেন নজরে আসা মাত্রই সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে পুনরায় স্বাভাবিক লেনদেন সীমা (দিনে ৫০ হাজার টাকা) কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :