চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার বিষয়ে চলমান জল্পনার অবসান ঘটিয়েছেন আশিক চৌধুরী। তিনি জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই চুক্তি স্বাক্ষরের আর কোনো সম্ভাবনা নেই।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের সিইও এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এ তথ্য জানান।
আশিক চৌধুরী বলেন, “এই সরকারের সময় হাতে আর মাত্র দুই কার্যদিবস আছে। ডিপি ওয়ার্ল্ড খসড়া চুক্তিটি পর্যালোচনার জন্য সময় চেয়েছে। তারা ফিরে আসার পর সেটি ক্যাবিনেটে অনুমোদন করিয়ে স্বাক্ষর করার মতো পর্যাপ্ত সময় এখন আর নেই।”
তিনি আরও জানান, ২০১৯ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের দর-কষাকষি চূড়ান্ত ধাপে পৌঁছালেও পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময়ের প্রয়োজন।
এদিকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের লাগাতার ধর্মঘট চলছে। ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ এর ডাকে এই আন্দোলনের ফলে দেশের প্রধান এই সমুদ্রবন্দরের যাবতীয় অপারেশনাল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জেটিতে পণ্য খালাস থেকে শুরু করে প্রশাসনিক কাজ সবই এখন কার্যত বন্ধ।
সরকার জানিয়েছে, দর-কষাকষি প্রক্রিয়াটি চলমান থাকবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভবত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত নতুন রাজনৈতিক সরকারের আমলেই নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, ডিপি ওয়ার্ল্ড আলোচনার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদী।


আপনার মতামত লিখুন :