ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:১১ এএম

চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে চলমান লাগাতার ধর্মঘট স্থগিত করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত থাকবে। ফলে দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে দেশের প্রধান এই সমুদ্রবন্দরে পুনরায় প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহীম খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থ এবং জাতীয় নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে তারা সতর্ক করে দিয়েছেন যে: আন্দোলনকারী কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি এবং সাময়িক বরখাস্তের মতো ৫টি সমস্যা যদি সমাধান না হয়, তবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে আন্দোলন করে আসছিলেন শ্রমিক-কর্মচারীরা। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যে, বর্তমান সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। এই ঘোষণার পর এবং নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে আন্দোলনকারীরা পিছু হটার সিদ্ধান্ত নিলেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!