ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

প্রথম রোজাতেই পেঁয়াজের ঝাঁজ: কেজিতে বাড়ল ১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১১:৫০ এএম

প্রথম রোজাতেই পেঁয়াজের ঝাঁজ: কেজিতে বাড়ল ১৫ টাকা

পবিত্র রমজান মাসের প্রথম দিনেই রাজধানীর বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের শুরুতেই নিত্যপণ্যের এমন চড়া দামে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা চরম বিপাকে পড়েছেন।

সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে পেঁয়াজের দাম আকাশচুম্বী।

ভালো মানের পেঁয়াজ: প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা। ছোট আকারের পেঁয়াজ: ৫৫ থেকে ৬০ টাকা।

সরেজমিনে দেখা গেছে, ৬০ টাকার নিচে কোনো দোকানেই ভালো মানের পেঁয়াজ মিলছে না। অথচ মাত্র কয়েক দিন আগেও এই পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় পাওয়া যেত।

খুচরা বিক্রেতা বিপুল হাসান জানান, পাইকারি বাজারে সরবরাহ কম এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে তাদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। তবে সাধারণ ক্রেতারা একে ব্যবসায়ীদের কারসাজি হিসেবেই দেখছেন।

হোসেন নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "গত সপ্তাহে ১০০ টাকায় ২ কেজি পেঁয়াজ কিনেছি, আজ এক কেজি চাচ্ছে ৭০ টাকা। রোজা এলেই ব্যবসায়ীরা আমাদের পকেট কাটার ধান্দা করে।"

এক রিকশাচালক জানান, কয়েক দিন আগে ভ্যান থেকে ৫০ টাকায় পেঁয়াজ কিনলেও এখন তা নাগালের বাইরে চলে যাচ্ছে। সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

ডিজিএন/এফএ

banner
Link copied!