পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজার স্থিতিশীল করতে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা অপারেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে গৃহীত পদক্ষেপসমূহ: খেজুর, ফলমূল, মসলা, চিনি ও ভোজ্যতেলের মতো রমজানকেন্দ্রিক পণ্যের শুল্কায়ন ও খালাস সবার আগে করা হবে। কাস্টম হাউস সার্বক্ষণিক শুল্কায়ন কার্যক্রম চালু রাখবে।
বন্দর থেকে ঢাকামুখী আটকে থাকা প্রায় দুই হাজার কনটেইনার দ্রুত পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে একটি বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণের জন্য দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স এবং বন্দরের যন্ত্রপাতি সচল রাখতে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠন করা হয়েছে।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সাপ্লাই চেইনে কোনো বিলম্ব বরদাস্ত করা হবে না। দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের স্বার্থে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব।”
বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, চিটাগাং চেম্বারসহ সংশ্লিষ্ট সকল অংশীজন বন্দরে অতিরিক্ত জনবল ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :