চট্টগ্রামকে কেবল নামে নয়, কর্মে ও বিনিয়োগে ‘সত্যিকার বাণিজ্যিক রাজধানী’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই লক্ষ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, “বাণিজ্যিক রাজধানীর কাজ এখন থেকে পূর্ণ উদ্যমে শুরু হবে। এর জন্য প্রয়োজন ব্যাপক বিনিয়োগ এবং বন্দরের কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে, আর কর্মসংস্থানই এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
তিনি আরও উল্লেখ করেন যে, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং সেবা সহজীকরণ নিয়ে সরকারের হাতে বিশদ পরিকল্পনা রয়েছে।
দায়িত্ব পাওয়ার পর প্রথম চট্টগ্রাম সফরে নিজের অনুভূতি জানিয়ে আমীর খসরু বলেন, “আমরা একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নির্বাচিত সংসদ ও সরকার একযোগে কাজ করবে। চট্টগ্রামের উন্নয়নে কোনো বিভেদ থাকবে না, বরং সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।”
বিমানবন্দর থেকে সরাসরি উত্তর কাট্টলীতে মা-বাবার কবর জিয়ারত করেন মন্ত্রী। এরপর বিকেলে নিজ বাসভবনে বন্দর ব্যবহারকারী ও সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় বসবেন তিনি। লক্ষ্য বন্দরের কার্যক্রমে গতি ফিরিয়ে আনা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানো।


আপনার মতামত লিখুন :