ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

রিজার্ভ ও রেমিট্যান্সে বড় সুখবর: ৩০ বিলিয়ন ডলার ছাড়াল নিট রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:১৬ পিএম

রিজার্ভ ও রেমিট্যান্সে বড় সুখবর: ৩০ বিলিয়ন ডলার ছাড়াল নিট রিজার্ভ

দেশের অর্থনীতির দুই প্রাণভোমরা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও প্রবাসী আয়ে বড় ধরণের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, নিট রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে এবং রেমিট্যান্স প্রবাহে ২৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে দেশের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৮৬ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, দেশের প্রকৃত বা নিট রিজার্ভ এখন ৩০.১১ বিলিয়ন মার্কিন ডলার। গত ১৯ ফেব্রুয়ারি যা ছিল ৩০.০৬ বিলিয়ন ডলার। মাত্র কয়েক দিনের ব্যবধানে রিজার্ভের এই ঊর্ধ্বগতি অর্থনীতির স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

রিজার্ভের পাশাপাশি প্রবাসী আয়েও বইছে সুবাতাস। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ২ হাজার ৪৭৮ মিলিয়ন (২.৪৭ বিলিয়ন) মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৯৩০ মিলিয়ন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৮.৪ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২১ হাজার ৯১০ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭ হাজার ৮৯২ মিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধি এবং রিজার্ভের শক্তিশালী অবস্থান দেশের সার্বিক অর্থনীতিকে চাঙ্গা করবে। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আমদানিতে যে বাড়তি ডলারের প্রয়োজন হয়, তা মেটাতে এই রিজার্ভ বড় ভূমিকা পালন করবে। একইসঙ্গে রেমিট্যান্স প্রবাহে এই গতি বজায় থাকলে ডলারের বিনিময় হার আরও স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!