ঢাকাই চলচ্চিত্রের সোনালী অতীতের জনপ্রিয় অভিনেতা ও কিংবদন্তি নৃত্যশিল্পী ইলিয়াাস জাভেদ আর নেই। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছরের বেশি।
পারিবারিক সূত্রে জানা গেছে, অভিনেতা জাভেদ দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। এছাড়া বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তার স্ত্রী ডলি চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, সকালে বাড়িতে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছবি : সংগৃহীত
আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস হলেও চলচ্চিত্র অঙ্গনে তিনি ‘জাভেদ’ নামেই সমধিক পরিচিত ছিলেন। ১৯৬৮ সালে উর্দু সিনেমা `পায়েল`-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। শুরুতে নৃত্য পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে অভিনেতা হিসেবে আকাশচুম্বী জনপ্রিয়তা পান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
জাভেদ অভিনীত অসংখ্য সিনেমার মধ্যে, নিশান, মালেকা বানু, সাহেব বিবি গোলাম, কাজল রেখা, রাজকুমারী, নরম গরম, তিন বাহাদুর, আব্দুল্লাহ এবং রাখাল রাজা উল্লেখযোগ্য। বিশেষ করে ফোক-ফ্যান্টাসি এবং অ্যাকশন চলচ্চিত্রে তার নাচের মুদ্রা ও অভিনয় দর্শক হৃদয়ে আজীবন গেঁথে থাকবে।
তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দসহ চলচিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। গুণী এই অভিনেতার মৃত্যুতে ঢালিউডে একটি যুগের অবসান হলো।
ডিজিএন


আপনার মতামত লিখুন :