ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রিটিশ র‍্যাপ তারকা সেন্ট্রাল সি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:২৩ পিএম

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রিটিশ র‍্যাপ তারকা সেন্ট্রাল সি

বিশ্বসংগীত অঙ্গনে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘প্লেকবয়ম্যাক্স’ এর একটি অনলাইন লাইভস্ট্রিমে আনুষ্ঠানিকভাবে কালিমা (শাহাদাহ) পাঠের মাধ্যমে তিনি মুসলিম হওয়ার ঘোষণা দেন। ধর্মান্তরের পর ২৭ বছর বয়সী এই তারকা নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘আখিল’।

লাইভস্ট্রিমে আলোচনার একপর্যায়ে সেন্ট্রাল সি বলেন, “আমি আমার নাম পরিবর্তন করেছি এবং শাহাদাহ পাঠ করেছি। আমি এখন একজন মুসলিম।” এ সময় তাঁর সাথে থাকা বন্ধুরা তাঁকে অভিনন্দন জানান। এর আগে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো প্রকাশ্যে মুখ না খুললেও হুট করে তাঁর এই সিদ্ধান্তে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা তৈরি হয়েছে।

২৭ বছর বয়সী এই র‍্যাপারের জন্মনাম ছিল ওকলি নীল সিজার-সু। লন্ডনের শেফার্ডস বুশ এলাকা থেকে উঠে আসা সেন্ট্রাল সি বর্তমানে ইউকে ড্রিল ও র‍্যাপ সংগীতের এক প্রভাবশালী নাম। তাঁর গাওয়া ‘স্প্রিন্টার’ এবং ‘ডোজ’-এর মতো গানগুলো বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়। প্রথম ব্রিটিশ র‍্যাপার হিসেবে একক প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের অনন্য রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। ড্রেক এবং জে. কোলের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গেও তিনি কাজ করেছেন।

সেন্ট্রাল সি-র ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বের নানা প্রান্তের ভক্ত ও অনুসারীরা। অনেকেই তাঁর এই ব্যক্তিগত ও আধ্যাত্মিক যাত্রার প্রশংসা করেছেন। আন্তর্জাতিক ইসলামিক প্ল্যাটফর্মগুলোও তাঁর এই পরিবর্তনের সংবাদ গুরুত্ব সহকারে প্রচার করছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!