ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

বিজয়ের সিনেমা নিয়ে নতুন সিদ্ধান্ত নির্মাতাদের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:২৬ পিএম

বিজয়ের সিনেমা নিয়ে নতুন সিদ্ধান্ত নির্মাতাদের

তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়কণ’ মুক্তি নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতায় নতুন মোড় এসেছে। সিনেমার সেন্সর সার্টিফিকেট নিয়ে চলা দীর্ঘ আইনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন নির্মাতারা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাজ হাইকোর্টে করা রিট পিটিশনটি প্রত্যাহার করে নিয়েছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা।

মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পিটি আশার সিঙ্গেল বেঞ্চ নির্মাতাদের মামলা প্রত্যাহারের অনুমতি দেন। দীর্ঘ সময় ধরে সিনেমাটি ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)-এর টেবিলে আটকে থাকায় মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আইনি লড়াই চালিয়ে যাওয়ার চেয়ে সমঝোতার মাধ্যমে দ্রুত সমাধান খুঁজতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ছবিটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ তাতে স্থগিতাদেশ জারি করে। সেই স্থগিতাদেশের চ্যালেঞ্জ জানিয়ে নির্মাতারা সুপ্রিম কোর্টে গেলেও মামলাটি পুনরায় মাদ্রাজ হাইকোর্টেই ফেরত পাঠানো হয়। এই দীর্ঘসূত্রিতা এড়াতেই এখন মামলার পথ ত্যাগ করলেন নির্মাতারা।

প্রযোজনা সংস্থা ‘কেভিএন প্রোডাকশনস’ জানিয়েছে, তারা এখন ছবিটি সেন্সর বোর্ডের ‘সংশোধন কমিটি’ বা রিভাইজিং কমিটির কাছে পাঠাবেন। আইনি প্রক্রিয়ার চেয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত সেন্সর ছাড়পত্র পাওয়ার পথ এখন বেশি প্রশস্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আদালতের মামলা প্রত্যাহার করায় এখন বোর্ডকে দ্রুত সার্টিফিকেশন দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে আর কোনো বাধা রইল না।

বিজয় ভক্তদের জন্য এটি একটি স্বস্তির খবর, কারণ আইনি গেরো থেকে মুক্তি পাওয়ায় সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার পথ অনেকটাই সহজ হলো।

ডিজিএন/এনএস

banner
Link copied!