ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ভোটের উৎসবে তারকারা: আঙুলে কালি মেখে আগামীর প্রত্যাশা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৪০ পিএম

ভোটের উৎসবে তারকারা: আঙুলে কালি মেখে আগামীর প্রত্যাশা

রঙিন পর্দার আলোকচ্ছটা আজ মিলেমিশে একাকার হয়েছিল সাধারণ ভোটারের লাইনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় সব শোবিজ তারকারা। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অমোচনীয় কালি মাখা আঙুলের ছবি শেয়ার করে তাঁরা ভাগ করে নিয়েছেন নাগরিক দায়িত্ব পালনের তৃপ্তি।

চিত্রনায়িকা বর্ষা ভোট দিয়েছেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কেন্দ্রে। সঙ্গে ছিলেন স্বামী অনন্ত জলিল। ভোট দিয়ে বর্ষা ফেসবুকে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনারাও পছন্দের মানুষকে ভোট দিন।” এদিকে ঢালিউডের তিন কিংবদন্তি বোন-সুচন্দা, ববিতা ও চম্পা একসঙ্গে ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। ববিতা বলেন, “দেশ এগিয়ে যাক, মানুষ শান্তিতে থাকুক।”

সংগীতশিল্পী জেফার রহমান প্রথমবারের মতো ভোট দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে লিখেছেন, “ফার্স্ট টাইম ভোটিং।” প্রবীণ অভিনেতা আবুল হায়াত এবার নিয়ে দশটি জাতীয় নির্বাচনে ভোট দিলেন। ঢাকা-৮ আসনের একটি কেন্দ্রে ভোট দিয়ে তিনি এবারের পরিবেশকে ‘সুন্দর’ বলে মন্তব্য করেন।

সামাজিক মাধ্যমে তারকারা অভিনেত্রী তমা মির্জা ও নুসরাত ইমরোজ তিশা ভোটকে দেখছেন ‘ভবিষ্যতের পথ’ হিসেবে। তিশা গুলশানে ভোট দিয়ে ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা জানান। এছাড়া আনিকা কবির শখ, সাফা কবির, মাসুমা রহমান নাবিলা, মিষ্টি জান্নাত ও রুকাইয়া জাহান চমকরাও নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে ছবি শেয়ার করেছেন। তাঁদের সবার কণ্ঠেই ছিল এক সুর—ভোট দেওয়া শুধু রাজনৈতিক অধিকার নয়, এটি নাগরিক উৎসবের অংশ।

ডিজিএন/এনএস

banner
Link copied!