ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:২৬ পিএম

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ভালোবাসা দিবসের আবহ শেষ হওয়ার আগেই দুঃসংবাদ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে তাঁর মাথায় অস্ত্রোপচার শুরু হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাসপাতালের বিছানায় বসা একটি ছবি পোস্ট করে অসুস্থতার কথা জানান তানিয়া। ছবিতে দেখা যায়, তাঁর মুখ ও মাথা পরিবারের দেওয়া ভালোবাসার ফুলে ঢাকা।

ক্যাপশনে তিনি লেখেন, পরিবারের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা তাঁকে ছুঁয়ে গেছে। একই সঙ্গে আজ (রবিবার) তাঁর মাথায় অস্ত্রোপচারের তথ্য জানিয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং নির্মাতা সকাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তাঁরা জানান, তানিয়া বৃষ্টি গত কিছুদিন ধরে তীব্র মাথাব্যথা ও শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। আজ বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এই অস্ত্রোপচার রাত ৮টা পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে।

তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী ও ভক্তদের মাঝে উদ্বেগের ছায়া নেমে এসেছে। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন।

এদিকে অভিনেত্রীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, এই সংকটাপন্ন সময়ে কোনো কাজের বিষয়ে যেন তাঁকে বা তাঁর পরিবারকে ফোন বা বার্তা দিয়ে বিরক্ত না করা হয়। সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি নিজেই সবার মাঝে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!