ঢাকা-কলকাতা বাংলাদেশের অভিনয়শিল্পীদের বলিউডের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাওয়ার ঘটনা বিরল হলেও এবার সেই দেয়াল ভাঙলেন চিত্রনায়ক আরিফিন শুভ। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এর অরিজিনাল ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হয়ে ঢাকাই সিনেমার ঝাণ্ডা উড়ালেন এই তারকা।
সম্প্রতি কলকাতায় এই সিরিজের একটি জমকালো প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে গাঢ় সবুজ রঙের স্যাটিন স্যুট এবং স্টাইলিশ সানগ্লাসে আধুনিক লুকে উপস্থিত হয়ে সবার নজর কাড়েন শুভ। অনুষ্ঠানের মঞ্চে শুভর সঙ্গে দেখা গেছে ওপার বাংলার অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে। বেগুনি রঙের শাড়িতে সৌরসেনী এবং সবুজে শুভ মঞ্চের এই রসায়ন উপস্থিত সাংবাদিকদের মধ্যে বেশ কৌতুহল সৃষ্টি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করে শুভ লিখেছেন, “মাইক চেক, ১-২। দিনটি ছিল ঝোড়ো হাওয়ার মতো! অবশেষে ‘জাজ সিটি’র পেছনের মুখগুলোকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে।” পরিচালক সৌমিক সেনের পরিচালনায় এই সিরিজে কাজ করাকে শুভ ‘অসাধারণ অভিজ্ঞতা’ এবং প্রচারণাকে ‘পুনর্মিলনী’ হিসেবে অভিহিত করেছেন।
কী থাকছে ‘জ্যাজ সিটি’তে? সিরিজের পোস্টারটি এরই মধ্যে রহস্য ছড়িয়েছে। যেখানে একদিকে স্যাক্সোফোন ও ট্রাম্পেটের রিদম, অন্যদিকে ধ্বংসস্তূপ আর বন্দুকধারী পুলিশের উপস্থিতি সব মিলিয়ে প্রেম, সংগীত আর সংঘাতের এক উত্তাল সময়ের গল্প বলতে আসছে ‘জ্যাজ সিটি’। আগামী ১৯ মার্চ থেকে সনি লিভে দর্শকরা সিরিজটি দেখতে পাবেন।


আপনার মতামত লিখুন :