ব্যাচেলর পয়েন্ট ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কাবিলা, শুভ, হাবু ও পাশা ভাইদের সাথে আড্ডায় যোগ দিতে ব্যাচেলরদের ফ্ল্যাটে ফিরছেন সিরিজের অন্যতম প্রাণভোমরা ‘আরেফিন’ ওরফে শামীম হাসান সরকার। আসন্ন ঈদুল ফিতরে কাজল আরেফিন অমির জনপ্রিয় এই সিরিজের ‘ঈদ স্পেশাল চ্যাপ্টার’-এ তাকে দেখা যাবে।
ব্যাচেলর পয়েন্টের প্রথম সিজনে কাবিলা, নেহাল ও শুভরা ঢাকায় এসে যে বাসায় থাকা শুরু করেছিল, সেটি মূলত ছিল আরেফিনের বাসা। তার মাধ্যমেই এই গ্যাংটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে নেহাল ও আরেফিন দীর্ঘদিন সিরিজ থেকে দূরে থাকলেও সিজন-৫ এর মাধ্যমে প্রথমে নেহাল (তৌসিফ মাহবুব) ফেরেন। এবার নেহালের উদ্যোগেই ফিরছেন আরেফিন।
আরেফিনের ফেরা নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “আরেফিন-নেহালকে ছাড়া ব্যাচেলর পয়েন্ট কখনোই পরিপূর্ণ না। আরেফিন আমাদের জন্য কেবল একটি চরিত্র নয়, এটি একটি ইমোশন। শুটিং করতে গিয়ে যখনই কাবিলা, নেহাল, আরেফিন, হাবু ও পাশা ভাইকে এক স্ক্রিনে দেখেছি, আমি বার বার ইমোশনাল হয়ে গেছি।”
মাঝখানে শামীম হাসান সরকারের সাথে নির্মাতার কিছুটা প্রফেশনাল দূরত্ব তৈরি হয়েছিল। সে বিষয়ে অমি অকপটে স্বীকার করেন, “ইগোর কারণে আমাদের মাঝে সম্পর্কের বরফ জমেছিল। তবে তৌসিফ মাহবুব ভাইয়ের উদ্যোগে সেই দূরত্ব ঘুচেছে এবং আমরা পুরনো বন্ধু ও বন্ডিংটা ফিরে পেয়েছি।”
অমি জানান, আসন্ন ঈদ উপলক্ষে তার পুরো মনোযোগ ছিল ব্যাচেলর পয়েন্টের এই বিশেষ চ্যাপ্টারের ওপর। আরেফিন কেন এতদিন ছিল না, আবার সে কি স্থায়ীভাবে থাকবে কি না, কিংবা পুরনো বন্ধুদের সাথে তার বর্তমান সম্পর্ক কেমন এমন সব চমক থাকবে এবারের প্রতিটি এপিসোডে।
দীর্ঘদিন পর প্রিয় অভিনেতা শামীম হাসান সরকারকে আরেফিন চরিত্রে দেখার জন্য এখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শক ও নেটিজেনরা।


আপনার মতামত লিখুন :