প্রেম, প্রতারণা আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে আবারও পর্দায় ঝড় তুলতে ফিরছেন নির্মাতা শাহরিয়ার নাজিম। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে তাঁর আলোচিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’-র দ্বিতীয় কিস্তি। মুক্তির ঠিক একদিন আগে প্রকাশ করা টিজারটি ইতিমধ্যে নেটপাড়ায় উষ্ণতা ছড়িয়েছে।
মাত্র ৩৭ সেকেন্ডের টিজারে শুরুতেই ঝুলিয়ে দেওয়া হয়েছে একটি কড়া সতর্কবার্তা ‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না।’ পুরো টিজারে কোনো সংলাপ নেই, কেবল গুমোট আবহাওয়া আর কয়েকটা তীব্র দৃশ্যের ঝলক। সংলাপহীন এই রহস্য যেন দর্শকদের উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিয়েছে।
প্রথম মৌসুমে ‘মফিজ’ ও তার স্ত্রীর সেই মাঝনদীতে ফেলে দেওয়ার ঘটনা যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয় মৌসুমে সেখান থেকেই শুরু হচ্ছে সম্পর্কের নতুন এক অন্ধকার অধ্যায়। এবারের গল্পে থাকছে বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণার ফাঁদ এবং বুক কাঁপানো প্রতিশোধের পাঠ। সম্পর্কের আড়ালে থাকা গোপন ‘পাপ’গুলোই এই সিজনের মূল আকর্ষণ।
একঝাঁক তারকার মেলা: ‘পাপ কাহিনী ২’-এ বড় পর্দায় কাঁপানো একঝাঁক তারকাকে দেখা যাবে একেবারে ভিন্ন রূপে, রুনা খান ও কুসুম সিকদার-এর পাওয়ারফুল পারফরম্যান্স। আশনা হাবিব ভাবনা ও ফারিন খান-এর রহস্যময় উপস্থিতি। সাথে থাকছেন ইমতিয়াজ বর্ষণ ও স্বয়ং শাহরিয়ার নাজিম।


আপনার মতামত লিখুন :