লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে ভয়াবহ ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) শহরের বাব আল-তাব্বানেহ এলাকায় পাশাপাশি থাকা দুটি আবাসিক ভবন ধসে পড়ার পর সোমবার উদ্ধার অভিযান শেষে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে মোট ১৪টি মরদেহ উদ্ধার করেছে। এছাড়া আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ খ্রেইস জানিয়েছেন, ধসে পড়া ভবন দুটিতে মোট ২২ জন বাসিন্দা বসবাস করতেন।
লেবাননের রেড ক্রস ও জরুরি সেবা সংস্থাগুলো রাতভর তল্লাশি চালিয়ে উদ্ধারকাজ শেষ করেছে।
ত্রিপোলির পৌর পরিষদ ও স্থানীয় কর্মকর্তাদের মতে, কয়েক দশক ধরে অবকাঠামোগত অবহেলা এবং জরাজীর্ণ ভবন সংস্কার না করাই এই দুর্ঘটনার মূল কারণ।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ত্রিপোলিতে বেশ কিছু পুরনো ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। মেয়র আবদেল হামিদ কারামেহ ত্রিপোলিকে ‘দুর্যোগকবলিত শহর’ হিসেবে ঘোষণা করে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :