কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার একটি হাইস্কুলে বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে হামলাকারী প্রথমে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে প্রবেশ করে গুলি চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ এবং আহত অবস্থায় ৩০ জনকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
পুলিশ ঘটনাস্থল থেকেই হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হত্যাযজ্ঞ চালানোর পর হামলাকারী নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি আরসিএমপি।
স্কুলে হামলার রেশ কাটতে না কাটতেই নিকটবর্তী একটি বাড়ি থেকে আরও ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, এই দুই ব্যক্তিও একই হামলার শিকার। পুরো এলাকায় আর কোনো ভুক্তভোগী আছে কি না, তা নিশ্চিত করতে আশপাশের ঘরবাড়িগুলোতে তল্লাশি চালানো হয়েছে।
হামলার পর এলাকায় জরুরি সতর্কতা জারি করা হলেও মঙ্গলবার বিকেল ৫টা ৪৫ মিনিটে তা প্রত্যাহার করা হয়। টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১৭৫ জন শিক্ষার্থী পড়াশোনা করে। এই ভয়াবহ ট্র্যাজেডির পর নিহতদের প্রতি শোক জানাতে স্কুল কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে।
কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আরসিএমপি ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :