লেবাননের সিরিয়া সীমান্তবর্তী মাজদাল আনজার এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে খালেদ মোহাম্মদ আল আহমাদ নামে এক সিরীয় নাগরিক রয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, লেবাননে সক্রিয় ‘প্যালেস্টাইন ইসলামিক জিহাদ’ (পিআইজে)-এর সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। তবে এই দাবির স্বপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেয়নি ইসরায়েল।
২০২৪ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার দফতরের হিসাব অনুযায়ী, গত এক বছরে ইসরায়েলি বাহিনী ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ১০৮ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যার মধ্যে ২১ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে।
বারবার সীমান্ত ও আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় গত মাসে লেবানন সরকার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। লেবাননের পক্ষ থেকে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং তাদের ভূখণ্ড থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে।
পিআইজে বা হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :