কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে খোলা চিঠি দিয়েছেন বিশ্বের ১৪ জন প্রখ্যাত ক্রিকেট অধিনায়ক। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এই চিঠিতে ইমরান খানের দ্রুত অবনতিশীল স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল এই চিঠির খসড়া করেছেন। তালিকায় সবচেয়ে বড় চমক চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও কপিল দেব-এর উপস্থিতি। এছাড়া স্বাক্ষর করেছেন: অস্ট্রেলিয়া: অ্যালান বোর্ডার, ইয়ান চ্যাপেল, স্টিভ ওয়াহ, কিম হিউজ ও বেলিন্ডা ক্লার্ক। ইংল্যান্ড: মাইকেল আথারটন, নাসের হুসেইন, মাইকেল ব্রিয়ারলি ও ডেভিড গাওয়ার। ওয়েস্ট ইন্ডিজ: ক্লাইভ লয়েড। নিউজিল্যান্ড: জন রাইট।
চিঠিতে সাবেক অধিনায়করা উল্লেখ করেন, “কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের সাম্প্রতিক খবর, বিশেষ করে তাঁর দৃষ্টিশক্তির আশঙ্কাজনক অবনতি আমাদের গভীরভাবে বিচলিত করেছে।” উল্লেখ্য, ইমরানের আইনজীবীরা দাবি করেছেন, সুচিকিৎসার অভাবে ৭৩ বছর বয়সী এই নেতার ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট রয়েছে।
চিঠির মূল দাবিগুলো: ১. সুচিকিৎসা: ইমরানের পছন্দমতো বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দ্রুত ও ধারাবাহিক চিকিৎসার ব্যবস্থা করা।
২. মানবিক মর্যাদা: আন্তর্জাতিক মান বজায় রেখে পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ ও মানবিক কারাবাস নিশ্চিত করা।
৩. স্বচ্ছ আইনি প্রক্রিয়া: আইনি কার্যক্রমে কোনো বাধা ছাড়াই স্বচ্ছ ও ন্যায্য সুযোগ প্রদান।
চিঠিতে কিংবদন্তিরা লিখেছেন, “ইমরান খান ১৯৯২ সালে পাকিস্তানকে যে বিশ্বকাপ জিতিয়েছেন, তা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। রাজনৈতিক মতভেদ যাই থাকুক, তিনি একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী এবং বৈশ্বিক স্পোর্টিং আইকন। তাঁর প্রাপ্য মর্যাদা বজায় রাখা উচিত।” চিঠির শেষে মনে করিয়ে দেওয়া হয়েছে, ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা শেষ হয় স্টাম্প তোলার সাথে সাথেই, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতা অমর থাকে।


আপনার মতামত লিখুন :