ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:৫০ এএম

শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরণের সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইতিমধ্যে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সিবিএস নিউজ ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনী শনিবারের (২১ ফেব্রুয়ারি) মধ্যেই ইরানে অভিযান চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে প্রেসিডেন্টকে জানানো হয়েছে।

যদিও ট্রাম্প এখনো হামলার বিষয়ে চূড়ান্ত কোনো ‘গ্রিন সিগন্যাল’ দেননি, তবে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এ নিয়ে ঘন ঘন বৈঠক চলছে। পেন্টাগন সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন কর্মীকে সাময়িকভাবে সরিয়ে নিচ্ছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান (এফ-৩৫, এফ-২২ এবং এফ-১৬) মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

মজার বিষয় হলো, সামরিক প্রস্তুতির মধ্যেই মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেনেভায় পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে এবং দুই পক্ষ কিছু নির্দেশনামূলক নীতিমালায় একমত হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো বড় ধরণের মতপার্থক্য রয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চুক্তি করাটাই ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে।”

মার্কিন প্রশাসন তেহরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের পাশাপাশি জানুয়ারির বিক্ষোভ দমনে ইরানের কঠোর অবস্থানের বিচার চাইছে। ট্রাম্পের বার্তা স্পষ্ট হয় দ্রুত চুক্তি, না হয় সামরিক পদক্ষেপ। উল্লেখ্য, গত বছরের জুনেও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় সফল বিমান হামলা চালিয়েছিল।

ডিজিএন/এফএ

banner
Link copied!