ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

করাচিতে ভবনে ভয়াবহ বিস্ফোরণ: শিশুসহ নিহত ১০, ধ্বংসস্তূপে আটকা অনেকে

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১১:০৮ এএম

করাচিতে ভবনে ভয়াবহ বিস্ফোরণ: শিশুসহ নিহত ১০, ধ্বংসস্তূপে আটকা অনেকে

পাকিস্তানের করাচিতে একটি তিন তলা আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে করাচির একটি জনাকীর্ণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি বড় অংশ ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

করাচি পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী এক কন্যাশিশু এবং একজন নারী রয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধারকারী দল জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনটি অত্যন্ত সরু রাস্তার ভেতরে অবস্থিত হওয়ায় ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে পৌঁছাতে সমস্যা হচ্ছে। এছাড়া এখনও ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ২ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা হাতে ও ছোট যন্ত্রপাতির সাহায্যে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ এবং সেনাবাহিনী। আশপাশের ভবনগুলো থেকেও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

ডিজিএন/এফএ

banner
Link copied!