ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

বিশ্বের সব দেশের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১২:০২ পিএম

বিশ্বের সব দেশের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প

মার্কিন সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বজুড়ে আমদানিকৃত পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বললেও, কয়েক ঘণ্টার ব্যবধানে তা বাড়িয়ে ১৫ শতাংশ করার চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের পূর্ববর্তী অস্থায়ী পারস্পরিক শুল্ক নীতিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করে তা বাতিল করে দেন। আদালত জানান, এ ধরণের শুল্ক আরোপের আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। তবে এই রায়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প নতুন করে এই কঠোর শুল্ক নীতি ঘোষণা করেন।

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, “আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিচ্ছি যে, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আমাদের আরোপ করা ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। অনেক দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল এবং এর কোনো বিচারও হচ্ছিল না (যতক্ষণ না আমি ক্ষমতায় এসেছি!)। এখন থেকে আইন মেনেই তাদের ওপর এই বাড়তি কর কার্যকর হবে।”

মার্কিন আইন অনুযায়ী, এই ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রশাসন এই শুল্ককে স্থায়ী ও আইনি বৈধতা দিতে কাজ শুরু করেছে। গত বছর জরুরি অর্থনৈতিক শক্তি আইন-এর অধীনে তিনি এই নীতি চালু করেছিলেন, যা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পণ্যের মূল্যবৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্ববাজারে নতুন করে ‘ট্রেড ওয়ার’ বা বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের দাম আকাশচুম্বী হবে, যার সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক সাপ্লাই চেইনে।

ডিজিএন/এনএস

banner
Link copied!