ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

পড়াশোনার চাপে বাবাকে খুন: মরদেহ টুকরো করে ড্রামে রাখলেন ছেলে

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:৪৯ এএম

পড়াশোনার চাপে বাবাকে খুন: মরদেহ টুকরো করে ড্রামে রাখলেন ছেলে

নিজের বাবাকে গুলি করে হত্যার পর তাঁর দেহ টুকরো টুকরো করার অভিযোগে ২১ বছর বয়সী তরুণ অক্ষত প্রতাপ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের আশিয়ানা এলাকায়।

নিহত ব্যক্তির নাম মানবেন্দ্র সিং (৪৯), যিনি পেশায় একজন ফার্মেসি ও মদ্য ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, গত শুক্রবার থেকে মানবেন্দ্র নিখোঁজ ছিলেন। তদন্তে নেমে পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গেলে বেরিয়ে আসে হাড়হিম করা সব তথ্য। বাড়ির তিনতলার একটি ফাঁকা ঘরে নীল রঙের ড্রাম বা ব্যারেলের ভেতর থেকে মানবেন্দ্রের মরদেহের কিছু অংশ উদ্ধার করে পুলিশ।

পুলিশি জেরায় অভিযুক্ত অক্ষত স্বীকার করেছেন, তাঁর বাবা চাইতেন তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে চিকিৎসক হন। কিন্তু অক্ষতের ইচ্ছা ছিল ভিন্ন। এই ক্যারিয়ার নিয়ে বাবা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত শুক্রবার বিকেলে ফের একই বিষয়ে তর্ক শুরু হলে রাগের মাথায় বাবার রাইফেল দিয়ে তাঁকে গুলি করেন অক্ষত।

হত্যাকাণ্ডের পর প্রমাণ লোপাটের জন্য মানবেন্দ্রের মরদেহ তিনতলায় নিয়ে যান অক্ষত। সেখানে একটি করাত দিয়ে মরদেহটি টুকরো টুকরো করা শুরু করেন। এই সময় অক্ষতের বোন ঘটনাটি দেখে ফেললে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে চুপ করিয়ে রাখা হয়। বোনের সামনেই মরদেহের কিছু অংশ প্লাস্টিকে ভরে পাশের এলাকায় ফেলে দিয়ে আসেন এবং বাকি অংশ বাড়ির ভেতরে নীল ড্রামে লুকিয়ে রাখেন অক্ষত।

লখনউ পুলিশের সিনিয়র কর্মকর্তা বিক্রান্ত বীর জানিয়েছেন, ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। মরদেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। অভিযুক্ত অক্ষত প্রতাপ সিং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!