বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে দেশটির জাতীয় মুদ্রা ‘বলিভিয়ানো’ ভর্তি একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিমানটি একটি জনাকীর্ণ মহাসড়কের ওপর আছড়ে পড়ায় বেশ কিছু যানবাহন দুমড়েমুচড়ে যায়।
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস জানিয়েছেন, সেনাবাহিনীর একটি ‘হারকিউলিস সি-১৩০’ কার্গো বিমান নতুন ছাপানো নোট নিয়ে এল আলতো বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের ঠিক আগমুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পাশের মহাসড়কে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দরের ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরা জানিয়েছেন, বিমানটিতে ৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ৪ জনের মরদেহ পাওয়া গেছে এবং ২ জন নিখোঁজ রয়েছেন। বাকি নিহতরা মহাসড়কে থাকা যানবাহনের আরোহী বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর চারদিকে ছড়িয়ে পড়া নোট কুড়াতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। তবে বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, এই নোটগুলো আপাতত কোনো কাজে আসবে না।
তিনি জানান, নোটগুলোতে তখনও ‘সিরিয়াল নাম্বার’ বসানো হয়নি। সিরিয়াল নাম্বার বসানোর জন্যই নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকে নেওয়া হচ্ছিল। নম্বরবিহীন এই কাগজগুলো কোনো বৈধ মুদ্রা হিসেবে গণ্য হবে না।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বলিভিয়া সরকার।


আপনার মতামত লিখুন :