আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সংঘাত এখন ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ব্যাপক বিমান হামলার পাল্টা জবাব হিসেবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় ড্রোন হামলা চালিয়েছে আফগান সেনারা। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, আফগান ড্রোনের আঘাতে স্পিনওয়াম সেনা ঘাঁটিতে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তালেবান কর্তৃপক্ষের দাবি, এটি পাকিস্তান বিমান বাহিনীর গত রাতের বর্বর হামলার সরাসরি প্রতিশোধ। তবে এই ড্রোন হামলার বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
শুক্রবার দিনভর চলা দুই দেশের সম্মুখ যুদ্ধে ক্ষয়ক্ষতির পাহাড়সম দাবি করেছে উভয় পক্ষ: পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, তাদের অভিযানে ২৯৭ জন আফগান সেনা নিহত ও ৪৫০ জন আহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানের ৮৯টি চৌকি এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জানিয়েছেন, তাদের পাল্টা হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং ১৯টি পাকিস্তানি সেনাচৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের হামলায় তাদের ৮ জন যোদ্ধা নিহত এবং ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
সীমান্তের ২৯টি স্থানে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না। আল জাজিরা জানিয়েছে, হতাহতের এসব সংখ্যা কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ডুরান্ড লাইন বরাবর দুই দেশের ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন মধ্যপ্রাচ্যের পর দক্ষিণ এশিয়ায় এক নতুন যুদ্ধের অশনিসংকেত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :