ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নিহত হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দেশটির সামরিক ও প্রতিরক্ষা খাতের প্রধান দুই স্তম্ভ ধসে পড়ল। আজ রোববার (১ মার্চ) সকালে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ ও সিএনএন এই খবর নিশ্চিত করেছে।
শনিবার সকাল থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি এই সাঁড়াশি অভিযানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত নেতৃত্বহীন হয়ে পড়েছে। গত দুই দিনে যারা প্রাণ হারিয়েছেন, আজ রোববার প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান আব্দোলরহিম মৌসাভি। গতকাল শনিবার আইআরজিসি-র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক সদর দপ্তর ও কৌশলগত অবস্থানগুলো লক্ষ্য করে একের পর এক নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে যৌথ বাহিনী। এই হামলায় ইরানের চেইন অফ কমান্ড পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা।
শীর্ষ নেতাদের একের পর এক নিহতের ঘটনায় ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলো (হিজবুল্লাহ, হুথি) মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের বাজারে হাহাকার শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :