মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অস্থিরতার মধ্যে এবার সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১ মার্চ) বিকেলে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সৈন্য অধ্যুষিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে সৌদি আরব দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সফলভাবে ইরানের সবকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের প্রিন্স সুলতান বিমানঘাঁটি যেখানে বিপুল সংখ্যক মার্কিন সৈন্য অবস্থান করছেন, সেটিকে টার্গেট করে এই হামলা চালানো হয়। এছাড়া রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরও ছিল ইরানের লক্ষ্যবস্তুতে। উপসাগরীয় একটি নির্ভরযোগ্য সূত্র এএফপিকে হামলার তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। এই ঘটনায় রিয়াদ বিমানবন্দরে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
রিয়াদের পূর্বাঞ্চলের বাসিন্দারা এবং এএফপির প্রতিনিধিরা আকাশে বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা আকাশে আলোর ঝলকানি ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখেছেন। এর আগে ইরান মার্কিন রণতরী `আব্রাহাম লিঙ্কন`-এও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :