ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন হামলা এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। বিবিসি জানিয়েছে, আজ সোমবার (২ মার্চ) এশিয়ার জ্বালানি বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্রেন্ট ক্রুড এবং নিম্যাক্স লাইট সুইট ওয়েল উভয় তেলের দামই ১০ শতাংশের বেশি বৃদ্ধি পায়।
বাজারে অস্থিরতা শুরু হওয়ার পর দাম কিছুটা ওঠানামা করলেও বর্তমানে তেলের দাম ঊর্ধ্বমুখী, ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেলপ্রতি প্রায় ৭৯.৩০ ডলার (বৃদ্ধি প্রায় ৯%)। নিমেক্স লাইট সুইট ব্যারেলপ্রতি প্রায় ৭২.৭০ ডলার (বৃদ্ধি প্রায় ৮.৫%)।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শনিবার থেকে শুরু হওয়া অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের অন্তত ৪৮ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি এই অভিযানকে `সফল ও দ্রুতগামী` বলে অভিহিত করেছেন। তবে সবচেয়ে নাটকীয় মোড় হিসেবে ট্রাম্প দাবি করেছেন যে, খামেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে এবং তিনি নিজেও সেই বৈঠকে বসতে রাজি আছেন।
আলোচনার গুঞ্জনের মাঝেই যুদ্ধক্ষেত্র শান্ত হচ্ছে না। ইরানের হামলার প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জবাবে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পাল্টা হামলা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকির কারণেই মূলত বিশ্ববাজারে তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।


আপনার মতামত লিখুন :