ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ইরান যুদ্ধে এবার সরাসরি যুক্তরাজ্য-ফ্রান্স

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১১:৪২ এএম

ইরান যুদ্ধে এবার সরাসরি যুক্তরাজ্য-ফ্রান্স

ইরানে চলমান মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানে এবার নতুন মাত্রা যোগ করেছে ইউরোপীয় শক্তিগুলো। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করতে মার্কিন বাহিনীকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে ইরান সংঘাতের সরাসরি অংশীদার হলো যুক্তরাজ্য।

ওয়াশিংটন পোস্টের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্পের এই আকস্মিক ইরান হামলার নেপথ্যে কলকাঠি নেড়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এবং ইসরায়েলি নেতৃত্ব।

প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে তেহরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দিতে ট্রাম্পকে ক্রমাগত চাপ দিয়ে আসছিলেন যুবরাজ।

এদিকে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা জানিয়েছে। ফ্রান্সের পক্ষ থেকে খামেনির মৃত্যুতে ‘সন্তোষ’ প্রকাশ করা হয়েছে।

দেশ তিনটি স্পষ্ট জানিয়েছে, তারা তাদের এবং উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা স্থায়ীভাবে ধ্বংস করতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, ইরানের সকল সামরিক লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই হামলা থামবে না। পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী, এই অপারেশন অন্তত পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে লেবাননজুড়ে হিজবুল্লাহর আস্তানায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সব মিলিয়ে বিশ্ব এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

ডিজিএন/এনএস

banner
Link copied!