ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালটির দ্বিতীয় তলায় চালানো এই আকস্মিক হামলায় অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ রোগীরা রয়েছেন। হামলার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করেছে গাজার সিভিল ডিফেন্স দল।
গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, নাসের মেডিকেল কমপ্লেক্সে এই হামলায় নিহত ও আহতদের অধিকাংশই সাধারণ রোগী। চিকিৎসাসেবা পাওয়ার আশায় তাঁদের অনেকেই দিনের পর দিন অপেক্ষা করে হাসপাতালের ভেতরে রাত কাটাচ্ছিলেন। এমনকি তাঁদের মধ্যে কয়েকজনের পরদিন অস্ত্রোপচার হওয়ার কথা ছিল।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি ছিল সম্পূর্ণ আকস্মিক। হামলার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে রোগীদের নিরাপদে সরে যাওয়ার জন্য কোনো ধরনের সতর্কবার্তা বা হাসপাতাল খালি করার নির্দেশনা দেওয়া হয়নি।
নাসের মেডিকেল কমপ্লেক্সটি গাজা উপত্যকার অন্যতম বৃহৎ এবং খান ইউনিস এলাকায় চালু থাকা একমাত্র হাসপাতাল। যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার অন্তত পাঁচ লাখ মানুষ চিকিৎসাসেবার জন্য এই একটি মাত্র হাসপাতালের ওপর নির্ভরশীল।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত কয়েক বছরে এই হাসপাতালটিতে অন্তত সাতবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে গত বছর (২০২৫ সালের ২৫ আগস্ট) হাসপাতালটিতে দুই দফা হামলায় চারজন সাংবাদিকসহ অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। বারবার এই স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা ঘটলেও কখনোই আগাম কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। চিকিৎসাকেন্দ্রের ওপর এই ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।


আপনার মতামত লিখুন :