ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১১:১৯ এএম

ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ কমান্ডার নিহত

গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এবং নিরাপত্তা সংস্থা শিন বেতের এক যৌথ বিবৃতিতে হামাসের এই জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে ড্রোন হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করার কথা নিশ্চিত করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে এই হামলা চালানো হয়। এতে সামির আবু ইউনিস নিহত হওয়ার পাশাপাশি আরও দুজন আহত হয়েছেন।

চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, হতাহতদের দ্রুত খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। আল জাজিরার যাচাইকৃত ভিডিওতে হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স এবং রক্তের দাগযুক্ত স্ট্রেচার দেখা গেছে, যা স্থানীয় ফিলিস্তিনি সাংবাদিকরা ধারণ করেছেন।

ভূমধ্যসাগরের উপকূলবর্তী আল-মাওয়াসি এলাকাটিকে ইসরায়েল এর আগে ‍‍`মানবিক নিরাপদ অঞ্চল‍‍` হিসেবে ঘোষণা করেছিল। বর্তমানে সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাঁবুতে বসবাস করছেন। তবে নিরাপদ ঘোষণার পরও ইসরায়েল ওই এলাকায় বারবার হামলা চালিয়ে আসছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার তাদের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদন বলছে, ২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে ইসরায়েল অন্তত ১ হাজার ৬৪৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। এই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৯৫ জন নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের পাশাপাশি গাজায় এখন নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড শীত। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শীতে জমে গিয়ে এখন পর্যন্ত গাজায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ৯ মাস বয়সি এক শিশু হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া) মারা গেছে, যা চলতি শীত মৌসুমে এ ধরনের প্রথম মৃত্যুর ঘটনা।

গত তিন বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজার বেশির ভাগ মানুষই বাস্তুচ্যুত। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যেই তারা তাঁবু এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোতে মানবেতর জীবনযাপন করছেন। এক বছর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও কার্যত গাজাজুড়ে ইসরায়েলি হামলা আরও বেড়েছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!