ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি: সরকারি কর্মচারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:১৪ পিএম

যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি: সরকারি কর্মচারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ

নবম পে-স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর প্রধান উপদেষ্টার বাসভবন ‍‍`যমুনা‍‍` ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই ঘোষণা দেন।

শুক্রবার সকালে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে সমাবেশ করেন। সমাবেশ শেষে তারা একটি বিশাল মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন।

বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন মিন্টো রোডে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে পথরোধ করে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশের সাথে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলেও আন্দোলনকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বারবার যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেন। এর ফলে মিন্টো রোড ও এর আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ঘটনাস্থল পরিদর্শনকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিতে যমুনা ও এর চারপাশের সড়কে আপাতত ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনো ধরনের জমায়েত বা মিছিল এই এলাকায় বরদাস্ত করা হবে না।

বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ডিএমপি।

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!